ম্যাচ দেখতে সুদূর আফগানিস্তান থেকে লখনউতে উড়ে এসেছেন ক্রিকেট অনুরাগী শের খান। তবে এই শহরে একটি হোটেলেও ঠাঁই মিলছে না তার। ভিড়ের জন্য বা হোটেল অপ্রতুল বলে নয়। শের খানের যোগ্য কোনো ঘরই নেই কোনো হোটেলে। কারণ শের খানের উচ্চতা!
৮ ফুট ২ ইঞ্চি লম্বা শের খান থাকার জায়গা খুঁজতে শহরের বেশ কয়েকটি হোটেলেই যান কিন্তু কোনও হোটেল তাকে তার উচ্চতার জন্য কোনো ঘর ভাড়া দিতে রাজি হয়নি বলেই তার অভিযোগ।
.png)
স্বাভাবিকভাবেই একা এক নতুন শহরে এই বিড়ম্বনার মুখে পড়ে বেশ হতাশ শের খান। কোনও উপায় না দেখে অগত্যা স্থানীয় পুলিশের কাছেই সাহায্য চেয়েছেন। মঙ্গলবার রাতে অবশেষে রাতটুকু কাটানোর জন্য নাকা এলাকার হোটেল রাজধানীতে পুলিশ তার থাকার ব্যবস্থা করে দেন।
কাবুলের বাসিন্দা এই প্রকাণ্ড লম্বা মানুষ দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় হোটেলের বাইরে।
বুধবার হোটেল মালিক রানু এএনআইকে বলেন, প্রায় দুই শতাধিক মানুষ শের খানকে দেখতে এসেছেন। তিনি খুবই বিরক্ত হয়েছেন।
হোটেলের বাইরে লোকজন জড়ো হওয়ার কারণে পুলিশ শের খানকে পরে একানা স্টেডিয়ামে নিয়ে যেতে বাধ্য হয়। ওই স্টেডিয়ামেই আন্তর্জাতিক ম্যাচটি হচ্ছে।
রানু জানান, আগামী চার থেকে পাঁচ দিন এই শহরেই থাকবেন শের খান।